সাড়ে চার বছরে এমএফএস লেনদেন বেড়েছে প্রায় চার গুণ

১৬ জুন, ২০২৩ ১২:৪৬  

গত সাড়ে চার বছরে মোবাইলে আর্থিক সেবা বা এমএফএসের মাধ্যমে লেনদেন বেড়েছে প্রায় চার গুণ। একই সমেয় গ্রাহক ৬ কোটি ৭৬ লাখ ৭০ হাজার ৪৬৮ হাজার থেকে বেড়ে চলতি বছরে এপ্রিলে ২০ কোটি ছাড়িয়েছে। আগের সব রেকর্ড ছাড়িয়ে  এই মাসে লেনদেন হয়েছে ১ লাখ ২৪ হাজার ৯৫৪ কোটি টাকা। প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪ হাজার ১৬৫ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার মোবাইলের মাধ্যমে আর্থিক লেনদেনের হালনাগাদ এই তথ্য প্রকাশ করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, ২০১৮ সালের ডিসেম্বরে মোবাইলের মাধ্যমে ৩২ হাজার ১১৬ কোটি টাকা লেনদেন হয়েছিল। তখন দৈনিক গড়ে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৭০ কোটি টাকা।  আর চলতি বছরের মার্চ মাসে লেনদেন বেড়ে ১ লাখ ৮ হাজার ৪৬৭ কোটি টাকায় ওঠে; মোট হিসাব সংখ্যা বেড়ে হয় ১৯ কোটি ৮০ লাখ ৯১ হাজার ৭৮৩ জনে।

পরিসংখ্যান বলছে, ২০২০ সালের জানুয়ারিতে লেনদেন হয় ৪৫ হাজার ৬ কোটি টাকা; গ্রাহক সংখ্যা বেড়ে হয় ৯ কোটি ৯ লাখ ২৩ হাজার ৫৪২। ২০২১ সালের জানুয়ারিতে লেনদেন বেড়ে হয় ৬২ হাজার ৬৮৯ কোটি টাকা; গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ কোটি ৫১ লাখ ১৬ হাজার ২২৩। ২০২২ সালের জানুয়ারিতে লেনদেন হয় ৮৪ হাজার ৭৮৩ কোটি টাকা; গ্রাহক সংখ্যা বেড়ে হয় ১৭ কোটি ৩২ লাখ ৬৭ হাজার ৯৭২। গত বছরের এপ্রিলে লেনদেন হয়েছিল ১ লাখ ৭ হাজার ৪৬০ কোটি টাকা। একক মাসের হিসাবে যা ছিল এতদিন তৃতীয় সর্বোচ্চ লেনদেন; ওই মাসে গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৭ কোটি ২৯ লাখ ৩৭ হাজার ২৯৪।

এর পরের মাসগুলোতে অবশ্য লেনদেন কমে আসে; তবে হিসাব বা গ্রাহক সংখ্যা বেড়েই চলেছে। মে মাসে লেনদেন হয় ৭৬ হাজার ৩১২ কোটি টাকা। জুনে তা বেড়ে ৯৪ হাজার ২৯৩ কোটি টাকায় ওঠে। জুলাইয়ে লেনদেন হয় ৮৯ হাজার ১৬৯ কোটি টাকা। আগস্টে হয় ৮৭ হাজার ৪৪৬ কোটি টাকা। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে লেনদেন হয় যথাক্রমে ৮৭ হাজার ৬৩৫, ৯৩ হাজার ১৩, ৯২ হাজার ১২৫ এবং ৯৬ হাজার ১৩৩ কোটি টাকা।

চলতি বছরের জানুয়ারিতে মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ১ লাখ ৫৯৩ কোটি টাকা লেনদেন হয়; গ্রাহক সংখ্যা বেড়ে হয় ১৯ কোটি ৪১ লাখ ২৫ হাজার ১৩৭। পরের মাস ফেব্রুয়ারিতে লেনদেন কমে ৯৭ হাজার ৩০৭ কোটি টাকায় নেমে আসে। তবে গ্রাহক সংখ্যা বেড়ে হয় ১৯ কোটি ৬৭ লাখ ৫৯ হাজার ১৭১।